
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ঢাকার বাইরে দেশের অন্যান্য বিভাগে হাইকোর্টের কোনো স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুযোগ নেই, কারণ এটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি। তবে প্রধান বিচারপতি চাইলে এবং প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ঢাকার বাইরে দেশের যে কোনো স্থানে হাইকোর্টের সাময়িক অধিবেশন বসাতে পারেন। রোববার (২১ জুন) সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করেন। সংসদ সদস্য সেলিনা সুলতানা তার প্রশ্নে জানতে চান, দেশের বিভাগওয়ারী হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না, থাকলে তা কবে বাস্তবায়িত হবে এবং না থাকলে তার কারণ কী।
আরও পড়ুন ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ১০০ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের সর্বোচ্চ আদালতের আসন সম্পর্কে সংবিধানে সুনির্দিষ্ট ও স্পষ্ট বিধান রয়েছে। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে কেবল রাজধানীতেই। তবে দেশের মানুষের বিচারিক প্রয়োজনে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে প্রধান বিচারপতি ঢাকার বাইরে যে কোনো জায়গায় হাইকোর্টের অধিবেশন বসানোর সিদ্ধান্ত নিতে পারেন। মন্ত্রী আরও বলেন, ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার আইনি বিতর্কটি ঐতিহাসিক ‘আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ’ মামলায় আপিল বিভাগে এরই মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে।
ওই রায়ে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ঢাকার বাইরে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সাংবিধানিক নিয়মের পরিপন্থি। এমওএস/ইএ