বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Tuesday, 23 Jun 2026 13:02 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

ফরিদপুরে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টা ১ মিনিটে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার (২২ জুন) সন্ধ্যায় সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে।

জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এক সপ্তাহের জন্য সেনা মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যেই মধ্যরাতে রাজেন্দ্র কলেজ এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় বলে অভিযোগ উঠেছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে প্রকাশিত ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের ব্যানারে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভিডিওতে অংশগ্রহণকারীদের সবাইকে কালো মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।

তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এদিকে বিষয়টি নিয়ে জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি। প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

ফরিদপুরেও সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। আমার বাঙলা/আরএ