বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Thursday, 02 Jul 2026 15:01 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

ঢালিউড কুইন অপু বিশ্বাস এখন সিনেমাতে ততটা সরব নয়। তবে তিনি বেছে বেছে কাজ করছেন। তাকে নিয়ে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। ‘শিকার’ নামের এই ওয়েব ফিল্মের কাজ আগে শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি।

অবশেষে এ মাসে শুরু হচ্ছে ‘শিকার’-র শুটিং। এখন সিদ্ধান্ত বদলে এটি নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে, যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ওয়েব ফিল্মের পরিবর্তে সিনেমা নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘প্রি-প্রোডাকশনের কাজ করার সময় বাজেট, গল্প, অভিনয়শিল্পী সব মিলিয়ে আমাদের মনে হলো এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলে ভালো হবে। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়।

এরপর সবাই মিলে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিই।’ নির্মাতা জানান, শিকার সিনেমার বেশির ভাগ শুটিং হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে দৃশ্যধারণের জন্য নেপালের উদ্দেশে রওনা দেবেন তারা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমার একটি গানের রেকর্ডিং। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্‌সি।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। নির্মাতা জানান, সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। পরিচালক বলেন, ‘গল্পই এই সিনেমার মূল আকর্ষণ। ইতিমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।

আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’ আমার বাঙলা/ রাব্বি