
অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে শাহবাগ থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়। শুক্রবার (৩ জুলাই) সকালে তিন নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ সংগঠনের প্রতিনিধি কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযোগকারীরা লিখিত আবেদনে দাবি করেছেন অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জুলাই আন্দোলন’র স্মৃতি ও এর শহীদদের আত্মত্যাগের বিষয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করেছেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ জুলাই আন্দোলনকে নিয়ে অভিযুক্তরা বিভ্রান্তিকর ও অবমাননাকর অপপ্রচার চালিয়েছেন। বিশেষ করে শান্তা ফারজানা নামের নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করার ভিডিও প্রকাশ করে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে।
যেহেতু অভিযোগটি সাইবার সংক্রান্ত তাই তদন্তের অংশ হিসেবে এটি ডিবি সাইবার বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আমার বাঙলা/ রাব্বি