
‘বরবাদ’ সিনেমা দিয়ে আলোচনায় আসা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার নতুন মাধ্যমে কাজ শুরু করতে যাচ্ছেন। শাকিব খান অভিনীত ‘বরবাদ’ দিয়ে বক্স অফিসে সাড়া ফেলার পর সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ নির্মাণ করেও প্রশংসা পেয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো ওটিটির জন্য ওয়েব ফিল্ম নির্মাণ করছেন হৃদয়। আর তার এই নতুন প্রজেক্টে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
এর মাধ্যমে দীর্ঘদিন পর বড় পরিসরের অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। ওয়েব ফিল্মটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘লাপাত্তা’। নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রজেক্টের সবকিছু প্রায় চূড়ান্ত।
আগামী মাস থেকে শুরু হবে শুটিং। হৃদয়ের ভাষ্য, ‘ফিল্মটি হবে থ্রিলার ঘরানার, তবে এর সঙ্গে কমেডির উপাদানও থাকবে। দর্শকদের জন্য একদম নতুন ও ভিন্নধর্মী কিছু করার চেষ্টা থাকবে।’ হৃদয়ের তথ্য মতে, আগস্টের মাঝামাঝি শুরু হবে ‘লাপাত্তা’র শুটিং। এতে ফারিয়ার সঙ্গে থাকছেন আরও দুজন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়।
বছরান্তে ছবিটি আসতে পারে আইস্ক্রিনে। এদিকে হৃদয়ের হাতে আরো দুটি ছবির কাজ রয়েছে। এর মধ্যে ‘বিদায়’ সম্পন্ন করেছেন বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে। এটি মুক্তি পেতে পারে দুর্গাপূজায়।
আর শাকিব খানকে নিয়েও নতুন একটি ছবির কাজ এগিয়ে নিচ্ছেন। সেটার শুটিং করবেন নভেম্বরে। আমার বাঙলা/ রাব্বি