
ফরাসি ফুটবলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম আগেই ঘোষণা করেছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। দিদিয়ের দেশমের বিদায়ের পর অবশেষে মঙ্গলবার ‘লে ব্লু’দের দায়িত্ব নিয়েছেন দেশটির কিংবদন্তি এই ফুটবলার। এরপর নতুন কোচকে স্বাগত জানাতে এক মুহূর্তও দেরি করেননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি শব্দ লিখেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘Welcome home’ (স্বাগতম ঘরে)।
সংক্ষিপ্ত এই বার্তাই ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফরাসি ফুটবলে জিদানের মর্যাদা এবং জাতীয় দলের খেলোয়াড়দের কাছে তার গ্রহণযোগ্যতার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে এমবাপের এই শুভেচ্ছা। ফরাসি ফুটবল ফেডারেশনের ঘোষণা অনুযায়ী, আগামী মাস থেকেই জাতীয় দলের দায়িত্ব নেবেন জিদান। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে কোচিং ক্যারিয়ারে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, ফ্রান্সকে আবারও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষে রাখা। আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে জিদানের নতুন অধ্যায় শুরু হবে। ফরাসি ফুটবল ফেডারেশন ইতোমধ্যে নিশ্চিত করেছে যে, জাতীয় দলের নতুন প্রকল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন কিলিয়ান এমবাপে। তরুণ প্রজন্মকে ঘিরে ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনার অংশ হিসেবে অধিনায়কের দায়িত্বও তার হাতেই থাকছে।
সেই দলের নেতৃত্ব দেবেন ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার জিদান। জিদানের নিয়োগকে ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবেও দেখা হচ্ছে। কারণ তার আগে ১৪ বছর ধরে দলের দায়িত্বে ছিলেন দিদিয়ের দেশম। এ সময়ে ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ জয় করেছে, ২০২২ বিশ্বকাপের ফাইনালে উঠেছে এবং উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছে।
এখন জিদানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং ইউরোপীয় ও বিশ্ব ফুটবলের বড় আসরগুলোতে ফ্রান্সকে নিয়মিত শিরোপার লড়াইয়ে রাখার। এমবাপের উষ্ণ অভ্যর্থনা অবশ্য ইঙ্গিত দিচ্ছে, নতুন কোচকে ঘিরে ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। আইএইচএস/