বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Friday, 31 Jul 2026 15:02 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদায়ী বার্তা পোস্ট করার একদিন পর সাব্বির আহাম্মেদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বিত্তাগুন খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সাব্বির আহাম্মেদ উপজেলার বাশিল এলাকার সুলতান আহমদের ছেলে।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে সাব্বির লেখেন, আমার আইডিটা সারা জীবনের জন্য অফলাইন থাকবে। আমার আর কোনোদিন অনলাইনে আসা হবে না। সবাই ভাল থাকবেন। কাউকে কখনো কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন।

আমি জানি না, আমি কার কাছে কেমন হয়তো বা কারও কাছে ভালো, কারও কাছে খারাপ। সবাই আমাকে মাফ করে দিয়েন, বিদায় পৃথিবী। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হলে তিনি খালার কাছে বেড়ে ওঠেন। বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী পোস্ট দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন সকালে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হোসাইন সুলভ/কেএইচকে