বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Monday, 03 Aug 2026 15:03 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের অন্যতম ট্র্যাজিক চরিত্র ছিলেন ব্রুনো গিমারায়েস। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার মিস করা পেনাল্টির মূল্য চুকাতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই ব্যর্থতার পর দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই মিডফিল্ডার। তবে বিশ্বকাপের হতাশা কাটিয়ে এবার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলের এই তারকা মিডফিল্ডার। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নিউক্যাসল ইউনাইটেড থেকে তাকে দলে ভেড়াতে ৮০ মিলিয়ন পাউন্ড খরচ করতে যাচ্ছে গানার্সরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক হাজার ৩৩০ কোটিরও বেশি। ডলারে এর মূল্য প্রায় ১০৮ মিলিয়ন।

চুক্তি চূড়ান্ত হলে এটি হবে ইংলিশ ফুটবলের ইতিহাসের অন্যতম বড় ট্রান্সফার। জানা গেছে, ২৮ বছর বয়সী গিমারায়েসের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে আর্সেনাল। ২০৩১ সালের জুলাই পর্যন্ত লন্ডনের ক্লাবটিতে খেলার কথা রয়েছে তার। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে সোমবার নির্ধারিত মেডিকেল পরীক্ষায় অংশ নিতে হবে এই ব্রাজিলিয়ানকে।

সবকিছু ঠিক থাকলে এরপরই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বিশ্বকাপে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন গিমারায়েস। পুরো টুর্নামেন্টজুড়ে মাঝমাঠে দারুণ পারফরম্যান্স উপহার দিলেও শেষ ষোলোর ম্যাচে একটি মুহূর্ত তার সব অর্জনকে আড়াল করে দেয়। নরওয়ের বিপক্ষে ম্যাচের ১৩তম মিনিটে ম্যাথিয়াস কুনহাকে ফাউল করলে ব্রাজিল পেনাল্টি পায়।

সেই স্পটকিক নিতে এগিয়ে যান গিমারায়েস। কিন্তু তার শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক আরিয়ান নিল্যান্ড। সেই সুযোগ হাতছাড়া করার পর ম্যাচের শেষ দিকে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। যোগ করা সময়ে নেইমার একটি পেনাল্টি থেকে গোল করলেও ব্রাজিল হার এড়াতে পারেননি।

২-১ ব্যবধানে হেরে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো এত দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছিলেন গিমারাইশ। তিনি লিখেছিলেন, \"এটা আমার ২৮ বছরের জীবনের সবচেয়ে বড় কষ্ট\" এবং \"এটাই আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন।\" তবে বিশ্বকাপে সেই এক মুহূর্তের ব্যর্থতা তার ক্লাব ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলেনি। বরং টুর্নামেন্টজুড়ে তার ধারাবাহিক পারফরম্যান্স এবং গত মৌসুমে নিউক্যাসলের হয়ে অসাধারণ নৈপুণ্য আর্সেনালের নজর কেড়েছে।

মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ, পাসিং, আক্রমণ গড়ে তোলা এবং রক্ষণে অবদান- সব মিলিয়ে গিমারায়েসকে দীর্ঘদিন ধরেই ইউরোপের অন্যতম সেরা অলরাউন্ড মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই কারণেই তাকে দলে ভেড়াতে রেকর্ড অঙ্কের অর্থ ব্যয় করতে রাজি হয়েছে আর্সেনাল। বিশ্বকাপের হতাশা ভুলে এখন নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় ব্রাজিলিয়ান তারকা। আর্সেনালের জার্সিতে সফল হতে পারলে দেশের হয়ে বিশ্বকাপের সেই দুঃস্বপ্নও হয়তো ধীরে ধীরে অতীত হয়ে যাবে।

আইএইচএস/