
বগুড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত শহরের মফিজ পাগলার মোড় এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। জানা গেছে, অভিযান চালানো ওই হোটেলটির নাম সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরোটা তৈরির ময়দার ডো সংরক্ষণ, পোড়া তেলে পরোটা, পুরি ও মোগলাই ভাজা এবং খোলা অবস্থায় প্রস্তুতকৃত খাবার রাখার প্রমাণ পাওয়া যায়।
এছাড়া রেস্টুরেন্টের রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি এবং ফ্রিজে পচা-বাসি খাবার রাখা হয়েছিল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবিনা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রেস্টুরেন্ট মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বগুড়ার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার রাসেল বলেন, অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সরকারি আইন ও বিধি মেনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসজেডএইচ/এএসএম