
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনে। প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকে একাধিক অভিযোগের মুখে পড়ার পর মাদক মামলায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে গ্রেফতার করে। একই মামলায় গ্রেফতার হন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকেও। সম্প্রতি ফারাহ খানের ভ্লগে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রিয়া।
তিনি জানান, কাজ হারানোর পর ভাই শৌভিককে সঙ্গে নিয়ে পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২’ শুরু করেন। রিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে। সেই কারণে এখনো অনেক কিছু নিয়ে ভয় কাজ করে। তিনি জানান, শৌভিক ক্যাট পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছিলেন।
এরপর ২০২০ সালে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের জীবন পুরোপুরি বদলে দেয়। একই সঙ্গে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছিল। তিনি আরও জানান, শৌভিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (আইআইএম) পড়ার সুযোগ পেয়েছিলেন এবং ভর্তির ফিও জমা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী পরিস্থিতির কারণে তার পড়াশোনা আর এগোয়নি।
এতে তার জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় নষ্ট হয়ে যায়। জেল থেকে মুক্তির পর তাদের দুজনের হাতেই কোনো কাজ ছিল না বলেও জানান রিয়া। তার ভাষায়, তারা বাড়িতেই থাকতেন। সমাজের একটি বড় অংশ তাদের বয়কট করেছিল এবং কোনো সিনেমার প্রস্তাবও আসছিল না।
শৌভিকের ক্ষেত্রেও চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে। এমনকি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানও তাকে নিয়োগ দিতে আগ্রহী ছিল না বলে জানান তিনি। সুশান্তের মৃত্যুর পর কী ঘটেছিল ২০২০ সালের জুনে মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে ৩৪ বছর বয়সী সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। তার সাবেক প্রেমিকা রিয়া ও ভাই শৌভিক মৃত্যুর কয়েক দিন আগ পর্যন্ত সুশান্তের সঙ্গে একই বাসায় ছিলেন।
কোভিড-১৯ মহামারির লকডাউন পর্ব শেষ হওয়ার পর তারা সেখান থেকে চলে যান। সুশান্তের মৃত্যুর পর রিয়া ও শৌভিককে গ্রেফতার করা হয়। শুরুতে তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনাসহ বিভিন্ন অভিযোগ ওঠে। পরে মাদক ব্যবহার, অর্থ লেনদেনসহ আরও কয়েকটি বিষয় তদন্তের আওতায় আসে।
পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া এগোয়। তবে তদন্তের সময় দুজনকেই কারাগারে থাকতে হয়েছিল। শোবিজে ফিরেছেন রিয়া পরবর্তীতে আবারও বিনোদন জগতে কাজ শুরু করেন রিয়া। তিনি এমটিভি রোডিজে বিচারকের দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি নিজের পডকাস্ট ও ফ্যাশন ব্র্যান্ডও চালু করেছেন। তার ফ্যাশন ব্যবসায় ভাই শৌভিকও অংশীদার হিসেবে রয়েছেন। বর্তমানে করণ জোহর সঞ্চালিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় মৌসুমেও দেখা যাচ্ছে রিয়াকে। অনুষ্ঠানটির নতুন পর্ব প্রতি বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত হচ্ছে।
আমার বাঙলা/ রাব্বি