
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাছুম মিয়া সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের বাসিন্দা। তিনি আমির আলীর ছেলে।
ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করতেন মাছুম। মাঝেমধ্যে দেশে আসতেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাবা ছাড়া পরিবারের অন্য সদস্যরাও যুক্তরাজ্যে বসবাস করেন।
মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে পুলিশ তাদের বাসায় গিয়ে দরজায় কড়া নাড়ে। দরজা খোলার পর পুলিশ সদস্যরা মাছুমের ছবি দেখতে চান। ছবি দেখানোর পর তারা জানান, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে পরিবারকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
পরিবারের সদস্যরা জানান, মাছুমের মরদেহ বর্তমানে স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের পর লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি গাড়ির ভেতর মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পুলিশের পাশাপাশি লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহের পাশাপাশি হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, পূর্ব লন্ডনের জনবহুল এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
এখন পর্যন্ত হত্যাকাণ্ডের উদ্দেশ্য কিংবা মাছুমকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী থাকলে বা কারও কাছে ঘটনার ভিডিও ফুটেজ থাকলে রেফারেন্স নম্বর ‘সিএডি ৭৯৭/১৮এইউজি’ উল্লেখ করে ১০১ নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মাছুমের মৃত্যুর খবর মঙ্গলবার সকালে তার গ্রামের বাড়ি বিশ্বনাথে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের বাবা আমির আলী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মাছুম মিয়ার মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হবে। আমার বাঙলা/ রাব্বি