রাজধানীর মধ্য বাড্ডায় দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি
ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
রাজধানীর মধ্য বাড্ডায় দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি জানান, ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বিআরটিএর সঙ্গে সমন্বয় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৩১ জুলাই) সকালে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাড়িতে যান। আরও পড়ুন গ্যাসের স্বল্পচাপ, এক খাবার রান্না করতেই চলে যায় কয়েক ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি প্রশাসক বলেন, অদক্ষ চালকদের কারণে সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সতর্ক হতে হবে। তিনি বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য চালকদের প্রতি আহ্বান জানান। শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
একই সঙ্গে তিনি পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। আরও পড়ুন উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল নিহত শেফালী বেগমের পরিবারের জন্য ডিএনসিসির পক্ষ থেকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়। ডিএনসিসির গাড়ি পরিচালনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, কোনো অদক্ষ চালক বা হেল্পার যদি ডিএনসিসির গাড়ি চালিয়ে থাকেন, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার দাবি, বর্তমানে ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালকের মাধ্যমে পরিচালিত হয় না।
এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমএমএ/কেএসআর





