আট মাস অবস্থান করে ১২ লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ। এমন অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এ

১২ লাখ টাকা হোটেল ভাড়া না দিয়ে উধাও এনসিপির ৫ নেতা!

আট মাস অবস্থান করে ১২ লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ। এমন অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারসহ ৫ জনের বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ভাড়া না দেয়ার পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডও করেন অভিযুক্তরা। এনসিপি বলছে, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল। গেল বছরের ২৫ জুলাই ১০ হাজার টাকা দিয়ে হোটেলের দুটি কক্ষ বুকিং করেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারসহ তিনজন। এরপর থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কক্ষ দুটিতে অবস্থান করেন কয়েক ডজন নেতাকর্মী। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ আট মাসে বুকিং মানি ১০ হাজার টাকা বাদে আর এক পয়সাও ভাড়া না দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রাতে সটকে পড়েন এনসিপির লোকজন।

তাদের ব্যবহৃত কাপড়-চোপড় রেখে যান। হোটেল কর্তৃপক্ষ আরও জানায়, ভাড়ার জন্য যোগাযোগ করলে দলীয় পরিচয়ে হুমকি দেন অভিযুক্তরা। পরে এ নিয়ে পাঁচজনের বিরুদ্ধে এনসিপি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেয় ইয়ামেনী ইন্টারন্যাশনাল। ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার ছাড়াও অভিযুক্ত পাঁচজন হলেন- সাদেক মির্জা (সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ), মিরাসাত হোসেন হিমেল (যাত্রাবাড়ী থানার প্রধান সমন্বয়কারী), শাখাওয়াত হোসেন ও তাওসীপ।

এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে অপরাধের প্রমাণ পেলে এস এম শাহরিয়ারসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


Comment As:

Comment (0)