আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল সামনে। তবে ম্যাচের চাপ নয়, স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে সবচে
ফাইনালের আগে স্পেন কোচের শঙ্কা
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল সামনে। তবে ম্যাচের চাপ নয়, স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে অন্য একটি বিষয়—প্রেস কনফারেন্স শেষে হেলিকপ্টারে করে টিম হোটেলে ফিরতে হবে। সাবেক শিষ্য লিওনেল স্কালোনির দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ের আগে বেশ নির্ভার ছিলেন স্পেন কোচ। সংবাদ সম্মেলনে রসিকতার ছলেই নিজের ‘একমাত্র ভয়’-এর কথা তুলে ধরেন তিনি।
একই সঙ্গে জানান, ফাইনালের বিশালতা তাকে বিচলিত করছে না; বরং এমন একটি ম্যাচের অংশ হতে পারাটাকেই সৌভাগ্য মনে করছেন। হাসতে হাসতে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার একটু ভয় লাগছে। কারণ আমাদের হেলিকপ্টারে করে ফিরতে হবে। আমরা যেভাবে এসেছি, প্রেস কনফারেন্স শেষ হলেই সেভাবেই ফিরে যাব।
সত্যি বলতে, এটিই আমাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে।’ এরপরই তিনি স্পষ্ট করে দেন, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল নিয়ে তার কোনো অতিরিক্ত চাপ নেই। স্পেন কোচের ভাষায়, ‘এ ছাড়া আর কোনো দুশ্চিন্তা নেই। আমি পুরোপুরি শান্ত আছি। এমন একটি পরিস্থিতিতে থাকতে পারাটাই আমাদের জন্য সৌভাগ্যের।’ দে লা ফুয়েন্তের অধীনে ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
২০১০ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা তাড়া করবে তারা। টানা দ্বিতীয় শিরোপার মিশনে থাকা দলের মুখোমুখি হবে। রানার্সআপদের কেউ মনে রাখে না-পুরোনো সেই কথা মনে করিয়ে দিতে নড়েচড়ে বসলেন কোচ। শান্ত কণ্ঠে জানালেন, ট্রফির জন্য লড়াইয়ের অবস্থানে থাকাকেই সৌভাগ্য মনে করছেন তিনি।
দে লা ফুয়েন্তে বললেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের মতো একটি অবস্থানে থাকা, ফাইনালে পৌঁছানো। আমি প্রতি বছর বিশ্বকাপ ফাইনালে উঠে হেরে গেলেও খুশি হতাম। কিন্তু ফাইনালে পৌঁছানো এবং শিরোপার জন্য লড়াই করার সুযোগ পাওয়াটাই আসল কথা।’ তিনি বলে গেলেন, ‘আমরা আমাদের শক্তি ও গুণাবলিকে কাজে লাগিয়ে সেই মুহূর্তটি উপভোগ করতে যাচ্ছি, পাশাপাশি আমাদের প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখব, যারা সত্যিই একটি দুর্দান্ত দল।’ মনস্তাত্ত্বিকের চেয়ে কৌশলগত লড়াই বেশি হবে মনে করেন তিনি। তার মতে আর্জেন্টিনা ও স্পেনের কৌশল ও চেতনা এক।
স্পেন কোচ বললেন, ‘এখানে দুটি শীর্ষস্তরের দল রয়েছে। অনেক মিল থাকা দুটি চমৎকার দল—তাদের খেলার ধরন এবং খেলোয়াড়দের প্রতিভার দিক থেকে। তাই আমার মনে হয় এটি একটি দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে।’ তিনি বলে গেলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমাদের কৌশলের দিক থেকে আর্জেন্টিনা এবং স্পেন—উভয় দলই এমন একটি ম্যাচ খেলতে মাঠে নামছে যেখানে মেধা, প্রতিভা ও ভালো ফুটবল অন্য যেকোনো বিষয়ের ওপর জয়ী হবে।’ আমার বাঙলা/ রাব্বি





