ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই

অস্ট্রেলিয়াকে হারানো ‘বাংলাদেশের সেরা জয়’: তামিম

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই ৯ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই সাফল্য। এমন জয়ে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি তামিম ইকবালও।

এই জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দিয়েছেন তামিম। ক্রিকইনফোকে তিনি বলেন, “এটা দারুণ একটি অর্জন। ছেলেরা যা করেছে, তা সত্যিই অসাধারণ। এটা শুধু একটি জয় নয়, বরং বিশ্বের কাছে একটি বার্তা।

টেস্ট ক্রিকেটে আমরা যেভাবে খেলছি, পাকিস্তান সিরিজেও যেভাবে পারফর্ম করেছি, সেটি সত্যিই প্রশংসনীয়।” বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করে তামিম বলেন, “ফাস্ট বোলিং ইউনিটকে অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের কারণেই আমরা ম্যাচে জয়ের সুযোগ তৈরি করতে পারছি। এই সফরে ব্যাটাররাও দারুণ পারফর্ম করছে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত।” তিনি আরও বলেন, “এই জয়ের কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের।

তারা অনেক পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের ফল পেয়েছে। বোর্ডের পক্ষ থেকে আমরা শুধু তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের দায়িত্ব। তাই এই জয়ের কৃতিত্ব আমাদের নয়, বরং তাদেরই প্রাপ্য।

হয়তো এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়।” সিরিজ শুরুর আগে টেস্ট দলের অধিনায়কের সঙ্গে হওয়া কথোপকথনের কথাও তুলে ধরেছেন তামিম। তিনি বলেন, “আমার মনে আছে, অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম। সে জানিয়েছিল, দলের সঙ্গে আলোচনা করে তারা বিশ্বাস করে যে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। আমি তাকে বলেছিলাম, অবশ্যই, কেন নয়?

কাজটা কঠিন হবে, বড় দলগুলোর বিপক্ষেই তো কঠিন চ্যালেঞ্জ থাকে।” তামিম বলেন, “একটি দল যখন নিজেদের ওপর বিশ্বাস রাখে, তখন এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না। সেই বিশ্বাসই তারা মাঠে বাস্তবায়ন করেছে। এর চেয়ে বেশি আর কী চাইতে পারেন!” অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। তবে পরের ম্যাচ নিয়ে আগাম কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না তামিম।

তিনি বলেন, “আমার আসলে কোনো ভবিষ্যদ্বাণী করা উচিত নয়, কৃতিত্বও নেওয়া উচিত নয়। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সেখানে আছে। তারাই মাঠে ব্যাট-বল করবে।” আমার বাঙলা/ রাব্বি


Comment As:

Comment (0)