চলমান বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখাচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এ জন্য ফিফা থেকে প্রচারস্বত্ব কিনেছে বিটিভি

বিশ্বকাপ দেখাতে বিটিভির প্রচারস্বত্ব কেনার টাকার ওপর ভ্যাট অব্যাহতি

চলমান বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখাচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এ জন্য ফিফা থেকে প্রচারস্বত্ব কিনেছে বিটিভি। এতে বিটিভিকে ৭৩ কোটি টাকা খরচ করতে হয়েছে। প্রচারস্বত্ব কেনার বিপরীতে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২ জুলাই এ–সংক্রান্ত আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এই ভ্যাট অব্যাহতি পেতে বিটিভিকে চারটি শর্ত দিয়েছে আইআরডি।

শর্তগুলো হলো—

১. শুধু বিটিভি কর্তৃক ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬–এর অল মিডিয়া রাইটস প্রচারস্বত্ব কেনার বিপরীতে পরিশোধযোগ্য ব্যয়ের ক্ষেত্রে এই ভ্যাট অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে।

২. ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬–এর অল মিডিয়া রাইটস প্রচারস্বত্ব কেনার বিপরীতে পরিশোধযোগ্য অর্থের যাবতীয় হিসাব বিবরণী বিটিভিকে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কমিশনারেটকে অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে অবহিত করতে হবে।

৩. সাবলাইসেন্সি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে না।

৪. ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬–এর অল মিডিয়া রাইটস প্রচারস্বত্ব ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে গৃহীত অন্য কোনো সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে এই অব্যাহতি প্রযোজ্য হবে না।

গত ২৩ জুন থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

এবারের বিশ্বকাপের ফুটবল ম্যাচ দেখাতে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি। এ জন্য ৭৩ কোটি টাকা খরচ হবে। যা আগেরবারের চেয়ে ২৫ কোটি টাকা কম। ৭ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তা অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


Comment As:

Comment (0)