অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই। ৮১ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

অস্কারজয়ী অভিনেত্রী আর নেই, হলিউডে শোক

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই। ৮১ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে। ব্রেন্ডা ফ্রিকারের এজেন্ট ও প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে জানানো হয়, তিনি ডাবলিনের নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। ব্রেন্ডার প্রয়াণে শোক প্রকাশ করে তার এজেন্ট ফিল বেলফিল্ড বলেন, ‘তার মতো মানুষ আর হবে না। তাকে জানার, ভালোবাসার এবং তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের।’ ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছিলেন ব্রেন্ডা ফ্রিকার।

এর মাধ্যমে তিনি প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে অভিনয়ের জন্য অস্কার জয়ের ইতিহাস গড়েন। অস্কারজয়ী এই অভিনেত্রী ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’ ছবিতে ‘পিজন লেডি’ চরিত্রেও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া দীর্ঘদিন বিবিসির জনপ্রিয় মেডিকেল ড্রামা ‘ক্যাজুয়ালটি’-তে নার্স মেগান রোচ চরিত্রে অভিনয় করেন। ২০২৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেন্ডা জানিয়েছিলেন, তিনি শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

যদিও তার মৃত্যুর সঙ্গে এসব সমস্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি। আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ব্রেন্ডাকে ‘জাতীয় সম্পদ’ আখ্যা দিয়ে বলেন, তার অভিনয় প্রতিভা ও মানবিকতা বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। এলআইএ


Comment As:

Comment (0)