পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। দলের অন্যত

পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি ওয়েস্ট ইন্ডিজ তারকার

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। দলের অন্যতম প্রধান পেসার আলজারি জোসেফ চুক্তিভূক্ত খেলোয়াড় হওয়ার কারণে স্বাভাবিকভাবেই ছিলেন দলে; কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এমন এক তারকা পারফরমারকে হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। শনিবার তারুবায় শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান প্রথম টেস্ট।

সিরিজের দল ঘোষণার সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছিল, ব্যক্তিগত কারণে আলজারি জোসেফকে পাওয়া যাবে না। তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানান প্রধান কোচ ড্যারেন স্যামি। স্যামি বলেন, ‘হ্যাঁ, এটি আমাদের জন্য বড় ক্ষতি। আলজারি জোসেফ দলের জন্য নির্বাচিত হয়েছিল; কিন্তু সে দলে খেলতে রাজি হয়নি।

এটাই বাস্তবতা।’ তিনি জানান, ইনজুরি কাটিয়ে সদ্য ফেরার পরও জোসেফ সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘সে দলে ছিল। ইনজুরি থেকে ফিরেছে। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে সে নির্বাচনে সাড়া দেয়নি।

এটি আমার সিদ্ধান্তের বিষয় নয়। চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার যদি নির্বাচিত হওয়ার পরও খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে সেই বিষয়টি বোর্ডের পরিচালকদের দেখার দায়িত্ব’- বলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২ ম্যাচে ১৩০ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিয়মিত খেলেছেন এই ডানহাতি পেসার।

ফলে তার অনুপস্থিতি ক্যারিবীয়দের বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। তবে জোসেফকে না পেলেও নিজেদের বোলিং আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী স্যামি। তার বিশ্বাস, বর্তমান স্কোয়াডে এমন বোলার আছেন, যারা প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়ার সামর্থ্য রাখেন। দলে রয়েছেন শামার জোসেফ, কেমার রোচ, জাইডেন সিলস এবং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও কিমো পল।

স্পিন বিভাগে আছেন জোমেল ওয়ারিকান, অভিষেকের অপেক্ষায় থাকা জশুয়া বিশপ এবং অধিনায়ক রস্টোন চেজ। স্যামি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের এমন একটি বোলিং ইউনিট আছে যারা ২০ উইকেট নিতে সক্ষম। টেস্ট ম্যাচ জিততে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ড সফরে আমরা সেটা দেখিয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষেও বল হাতে সমানতালে লড়েছি।

ব্যাটাররাও কঠোর পরিশ্রম করছে, যার ফল আমরা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দেখতে পেয়েছি।’ ব্যাটিংয়েও ধারাবাহিকতা বাড়ছে বলে মন্তব্য করেন স্যামি। তার বিশ্বাস, ব্যাটাররা নিয়মিত রান করতে পারলে এই বোলিং আক্রমণ দলকে টেস্ট জেতানোর জন্য যথেষ্ট। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে শনিবার তারৌবায়। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট পোর্ট অব স্পেনে।

আইএইচএস/


Comment As:

Comment (0)