জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্
আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিতে ঢাকার চিঠি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিল্লিতে একটি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সম্প্রতি ভারত সরকারের কাছে পাঠানো চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের প্রত্যয়িত অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল উল্লেখ করেন, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ (ঊর্ধ্বতন কমান্ডের দায়) নীতির আওতায় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের জন্য তারা দায়ী।
পরবর্তীতে প্রকাশিত ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রীয় অনুকূলে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর সান নিউজ/তালহা





