দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও
পর্দায় ফিরছে কোয়েল-পরমব্রত জুটি
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন একটি চলচ্চিত্রে এই জুটিকে ফের একসঙ্গে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে। ‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ ও ‘যকের ধন’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কোয়েল ও পরমব্রতের জুটি দর্শকদের প্রশংসা পেয়েছে। এর আগে পরমব্রতের পরিচালিত সিনেমাতেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন কোয়েল।
সম্প্রতি কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। অন্যদিকে পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ সিনেমায়। এবার এই দুই তারকার সম্ভাব্য নতুন জুটি নিয়ে টলিউডে শুরু হয়েছে আলোচনা। ভারতীয় গণমাধ্যমের ইন্ডাস্ট্রি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হইচই স্টুডিওজের নতুন সিনেমাটির সম্ভাব্য নাম ‘বীর পুরুষ’।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে সিনেমাটি বা কোয়েল-পরমব্রতের অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সংশ্লিষ্টরা। সিনেমাটিতে কোয়েল ও পরমব্রতের পাশাপাশি কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো শিল্পীদের দেখা যেতে পারে বলেও জানা গেছে।
আমার বাঙলা/ রাব্বি





