ডায়াবেটিসকে অনেকেই শুধু রক্তে শর্করার সমস্যা হিসেবে দেখেন। তবে দীর্ঘদিন এই রোগ নিয়ন্ত্রণে না থাকলে শ
ডায়াবেটিস থাকলে ক্যানসারের আশঙ্কা কেন বাড়তে পারে?
ডায়াবেটিসকে অনেকেই শুধু রক্তে শর্করার সমস্যা হিসেবে দেখেন। তবে দীর্ঘদিন এই রোগ নিয়ন্ত্রণে না থাকলে শরীরে নানা জটিলতা তৈরি হতে পারে, যার মধ্যে কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে চিকিৎসা গবেষণায়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুধু সুস্থ জীবনযাপনের জন্য নয়, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্যও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ভারতের এইচসিজি ক্যানসার হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট মেডিক্যাল অঙ্কোলজিস্ট ডা. সঞ্চয়ন মণ্ডল জানান, ডায়াবেটিস ও ক্যানসারের মধ্যে সম্পর্কের অন্যতম কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স।
এই অবস্থায় শরীর ইনসুলিনের প্রতি স্বাভাবিকভাবে সাড়া দিতে পারে না, ফলে রক্তে দীর্ঘ সময় ধরে ইনসুলিনের মাত্রা বেশি থাকে। ইনসুলিন কোষের বৃদ্ধি ও বিভাজনে ভূমিকা রাখে। এর সঙ্গে স্থূলতা ও দীর্ঘস্থায়ী প্রদাহ যুক্ত হলে শরীরে অস্বাভাবিক কোষ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে ক্যানসারের ঝুঁকি তুলনামূলক বেশি দেখা যায়।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসের সঙ্গে লিভার, অগ্ন্যাশয় ও জরায়ুর ক্যানসারের সম্পর্ক সবচেয়ে বেশি। এছাড়া ক্যানসার রোগীদের ওপর করা বিশ্লেষণে দেখা গেছে, আগে থেকে ডায়াবেটিস থাকলে দীর্ঘমেয়াদে মৃত্যুঝুঁকি প্রায় ৪১ শতাংশ পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ক্যানসারের চিকিৎসাও জটিল হয়ে উঠতে পারে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে, অস্ত্রোপচারের ক্ষত শুকাতে বেশি সময় লাগে এবং কেমোথেরাপির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন হাত-পায়ে ঝিনঝিনি বা অসাড়তা, আরও তীব্র হতে পারে।
ডায়াবেটিসের ওষুধ মেটফরমিনের সম্ভাব্য ক্যানসার প্রতিরোধী ভূমিকা নিয়েও গবেষণা চলছে। তবে এর কার্যকারিতা এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যানসার প্রতিরোধের উদ্দেশ্যে এই ওষুধ গ্রহণ করা উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্তের শর্করা ও এইচবএ১সি পরীক্ষা, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, শরীরচর্চা এবং বয়স অনুযায়ী ক্যানসার স্ক্রিনিং গুরুত্বপূর্ণ।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুধু সুগার কমানোর বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সুস্থ জীবন নিশ্চিত করার অন্যতম উপায়। আমার বাঙলা/ রাব্বি





