বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্তনের ম্যাচেই নিজের ছন্দ

নেইমারের ওপর নিষেধাজ্ঞা

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্তনের ম্যাচেই নিজের ছন্দের ঝলক দেখিয়ে সান্তোসের হয়ে করেছেন জোড়া গোল। তবে দুর্দান্ত এই ফেরার পরই এসেছে দুঃসংবাদ—নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নেইমার। ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আধিপত্য দেখাতে না পারলেও বিরতির ঠিক আগে সান্তোসকে এগিয়ে দেন নেইমার।

সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ সমন্বয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। পরপর দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় তারা। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে চাপ বাড়ায় সান্তোস।

ম্যাচের শেষ দিকে সুযোগ তৈরি করে স্বাগতিকরা। ৮৯তম মিনিটে ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস। ফলে পেনাল্টি পায় সান্তোস। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার।

তবে এই ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারা তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ কারণে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। এই কার্ডের ফলে লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।

ব্রাজিলিয়ান লিগের নিয়মানুসারে প্রতি তিনটি হলুদ কার্ডের জন্য একটি ম্যাচে নিষিদ্ধ হতে হয়। নেইমার এই নিয়ে ব্রাজিলিয়ান লিগে টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখলেন। চলতি মৌসুমে তার হলুদ কার্ডের সংখ্যা দাঁড়াল ৬-এ। এর আগেও তিনি হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন।

এবার তিনি একই কারণে আবারও নিষিদ্ধ হলেন। এর ফলে লিগে সান্তোসের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। আমার বাঙলা/ রাব্বি


Comment As:

Comment (0)