বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা এবার গানের বাইরে বই নিয়ে নতুন একটি উদ্যোগ নিয়েছেন। পর্তুগালের পোর্তো শ
নিষিদ্ধ বই নিয়ে ডুয়া লিপার লাইব্রেরি
বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা এবার গানের বাইরে বই নিয়ে নতুন একটি উদ্যোগ নিয়েছেন। পর্তুগালের পোর্তো শহরের ঐতিহাসিক লিভরারিয়া লেলো বইয়ের দোকানের ভেতরে তিনি চালু করেছেন ম্যানিফেস্টো লাইব্রেরি, যেখানে রাখা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ, সেন্সর করা বা বিতর্কিত বই।
লাইব্রেরিটি গড়ে উঠেছে আন্তর্জাতিক বই উৎসব বাবেল—সিটি অব বুকসের অংশ হিসেবে। এখানকার সংগ্রহে রয়েছে প্রায় ১০০টি বই, যেগুলোয় ক্ষমতার অপব্যবহার, সেন্সরশিপ, বৈষম্য এবং সমাজের প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
এক বিবৃতিতে ডুয়া লিপা বলেন, এ উদ্যোগ তাঁর বহুদিনের স্বপ্ন। তাঁর ভাষ্য, ‘আমি যখন সার্ভিস৯৫ বুক ক্লাব শুরু করি, তখনই চেয়েছিলাম, এটি যেন পৃথিবীর যেকোনো প্রান্তের পাঠক ও লেখকদের জন্য আশ্রয় হয়ে ওঠে।’
ডুয়া লিপা আরও বলেন, এই লাইব্রেরি সাহসী লেখকদের প্রতি শ্রদ্ধা এবং সেই পাঠকদের জন্য, যাঁরা অন্যের বলে দেওয়া তালিকা মেনে বই পড়তে রাজি নন।
ডুয়া লিপা দীর্ঘদিন ধরেই বই পড়ার গুরুত্ব নিয়ে কাজ করছেন। তিনি প্রতি মাসে তাঁর বুক ক্লাবের জন্য একটি বই নির্বাচন করেন এবং সেই বইয়ের লেখকের সাক্ষাৎকারও নেন। আগামী ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ২০২৬ লন্ডন লিটারেচার ফেস্টিভ্যালের কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।




