জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাটি ও মানুষের প্রত্যাশা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কার ও আধুনিকা

জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাটি ও মানুষের প্রত্যাশা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) আনসার ও ভিডিপি সদরদপ্তরে আয়োজিত আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আনসার ডিজি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রীয় সংস্কারের ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীর প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। মহাপরিচালক বলেন, সাম্য, ন্যায্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে বাহিনীর বিভিন্ন কার্যক্রম ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে।

এর মাধ্যমে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং পেশাগত দক্ষতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা, সততা ও সেবার মানসিকতাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মূল ভিত্তি। একটি আধুনিক, জনবান্ধব ও সেবামুখী বাহিনী গড়ে তুলতে বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন, যার সুফল দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে শুরু করেছে। চলমান প্রাতিষ্ঠানিক রূপান্তরের ফলে বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।

বৈষম্য দূরীকরণ, সম-অধিকার প্রতিষ্ঠা, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি দপ্তর ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রেখে জনগণের আস্থা অর্জনে বাহিনী কাজ করে যাবে। দিবসটি উপলক্ষে আনসার ও ভিডিপির সব রেঞ্জ, জেলা, মেট্রোপলিটন, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশেষ দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান, রাষ্ট্রীয় সংস্কার ও নতুন বাংলাদেশের অভিযাত্রা নিয়ে নির্মিত আটটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। টিটি/এমএএইচ/


Comment As:

Comment (0)